স্টাফ রিপোর্টার – সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতৃত্বের পতন চায় দেশের জনগণ। রবিবার রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজেদের দলেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে? শক্তি প্রমাণে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও সরকার সবকিছু সামাল দেয়ার চেষ্টা করছে। বিশ্বে এ সংকটে অন্যান্য দেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করে, সরকারকে সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে বিএনপি সরকারকে সহযোগিতা না করে সংঘাতে যাচ্ছে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।
এর আগে সড়কে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় বাস রুট রেশনালাইজেশনের জন্য রাজধানীতে ৪ টি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ও সমন্বিতভাবে প্রকল্প নেয়ার জন্য কমিটি গঠন করা হয়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও সরকার সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করছে। এ সংকটে বিশ্বের অন্যান্য দেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করে, সরকারকে সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে বিএনপি সরকারকে সহযোগিতা না করে সংঘাতে যাচ্ছে।
শৃংখলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমাদের স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে। কিন্তু এরপরও আমরা যখন রাস্তায় বের হই, সেখানে দেখি শৃংখলা নেই, পরিবহণের শৃংখলায় দারুণ ঘাটতি। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগুচ্ছে।








