স্টাফ রিপোর্টার – রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থলে উপস্থিত থাকেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। আহতদের রক্তদানের জন্য আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের পাঁচ তলা ভবনের নিচ তলায় কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চার তলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়। এ ঘটনার পর গুলিস্তানের বিস্ফোরণস্থলে পৌঁছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বিস্ফোরণে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন (নিচ তলায় স্যানিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) ও তার পাশের সাততলা একটি স্যানেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি। এখন পর্যন্ত আটজনের বেশি সংখ্যক মানুষকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উপস্থিত থাকেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়, গুলিস্তানে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরো চার ইউনিট। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদিন খালেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের খবর পেয়েছি বিকেল চারটা ৫০ মিনিটে। তবে চারটা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারে দ্বিতীয় দিনেও অভিযান চলে। ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, ভবনের বেসমেন্টের ভিতরের পানির ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে থাকতে পারে। বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত কয়েকজন ওই ট্যাঙ্কের মধ্যেও আটকা পড়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে, পুলিশ বুধবার জানিয়েছে, উদ্ধারকারীদের জন্য পথ তৈরি করতে তারা ভবনের ক্ষতিগ্রস্ত পিলারগুলো কাটতে পারছে না, কারণ এতে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষিত ভবনটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিস্ফোরণে আহতদের মধ্যে ২১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি রয়েছেন।
ক্যান্টনম্যান্ট জোনের এসি ল্যান্ড কাউসার হামিদ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে ১৮ জনের মরদেহ ঢাকা জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দাফন ও আনুষঙ্গিক কাজের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে স্বজনদের।
ওই ১৮ জন হলেন – মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভুঁইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট ও সিয়াম (১৮)।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মো. ইদ্রিস মীর (৬০) নামের আরও একজনের ডেথ সার্টিফিকেট হাসপাতালে রয়েছে। তবে স্বজনরা রাতে ‘জোর করে’ মরদেহ নিয়ে যাওয়ায় হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা যায়নি।
এসি ল্যান্ড কাউসার হামিদ জানান, বিস্ফোরণের ঘটনায় আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ জন ভর্তি রয়েছেন।
ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের বলেছিলেন, আপাতত নিহতের স্বজনদের দেওয়া হবে ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের দেওয়া হবে ২৫ হাজার টাকা আর অল্প আহতদের দেওয়া হবে ১৫ হাজার টাকা। যাতায়াত ও খাবারের ব্যবস্থাও জেলাপ্রশাসকের পক্ষ থেকে করা হবে। তবে আহতদের সরকারিভাবে এখনও কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি জানিয়ে এসি ল্যান্ড কাউসার হামিদ বলেন, আমরা সবার তথ্য যাচাই বাছাই করছি।
তিনি বলেন, স্বজনরা মোট পাঁচজন নিখোঁজের তালিকা তাদের দিয়েছিল। তবে দুজনকে খুঁজে পাওয়া গেছে। ক্যাফে কুইন ভবনের বেজমেন্টের গুদাম কর্মচারী মেহেদী হাসান স্বপন, পথচারী ইমতিয়াজ মো. ভুঁইয়া এবং স্যানিটারি দোকানের কর্মচারী রবিন হোসেন এখনও নিখোঁজ রয়েছেন।
বুধবার সকাল ৯টার পর সেনা সদস্যদের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দীনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টায় আমরা ভবনটিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করি। এ সময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি বিস্ফোরণের ফলে ভবনটির বেজমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় ধসে পড়তে পারে। এ অবস্থায় ভবনটিতে উদ্ধার অভিযান চালানো খুবই ঝুঁকিপূর্ণ।
বুধবার সকালে সেনা সদস্যদের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু হয়েছে জানিয়ে দীনমনি শর্মা বলেন, সেনাবাহিনীর লোকজন ভবনটিকে সাময়িকভাবে স্টেবল করবে। ভবনটি স্টেবল হওয়ার পর আমরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করব। আমরা মূলত ভবনটির বেজমেন্টে অভিযান পরিচালনা করব।
বিস্ফোরণের ঘটনাস্থলে কাজ করেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ডেড বডি লোকেট (শনাক্ত) করার জন্য ডগ স্কোয়াড আনা হয়েছে। সেনাবাহিনী, সিটি করপোরেশন, রাজউকের ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি হয়েছে। বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, এটাকে সাপোর্ট দিতে হবে। তারপর হেভি রেসকিউ একটিভিটিজ চালানো হবে।
মূলত ভবনের ভেতরে কেউ চাপা পড়ে আছে কিনা, কেউ বেঁচে আছে কিনা সেগুলো শনাক্ত করবে। মরদেহ থাকলেও শনাক্ত করতে পারবে। এর বাইরে যদি বিস্ফোরক জাতীয় কিছু থাকে তাও চিহ্নিত করার জন্য ডগ স্কোয়াড আনা হয়েছে।
এদিকে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা লাইট রেসকিউ (হালকা যন্ত্রপাতি দিয়ে) অভিযান করছি। ডেড বডি লোকেট (শনাক্ত) করার জন্য ডগ স্কোয়াড আনা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, নাশকতা, সেপটিক ট্যাংক, সুয়ারেজ লাইনের গ্যাস সব কিছুই বিবেচনায় নেয়া হচ্ছে। এদিকে বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপতত আশপাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস।
এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত শেষ হবার আগেই গণমাধ্যমের সামনে তিতাস জানিয়ে দিয়েছে এটি গ্যাস লিকেজের দুর্ঘটনা নয়। আর রাজউক বলছে এখনো তারা নিশ্চিত নয় এই ভবনের আন্ডারগ্রাউন্ডে বাণিজ্যিক প্রতিষ্ঠান বৈধ কি-না।
দুটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শ্বাসনালী পুড়ে যাওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। বুধবার সোয়া ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে; কারণ তার বার্ন নাই।
ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, বর্তমানে যে ১০ জন আছে তার মধ্যে তিন জন আইসিইউতে, দুজন লাইফ সাপোর্টে আছে। আর বাকিরা আছেন এসডিইউতে।
চিকিৎসাধীন ১০ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয় জানিয়ে এই চিকিৎসক বলেন, যারা আছে তাদের কেউই শঙ্কামুক্ত নয়। কারণ, কারও শরীরের ৮০ পারসেন্ট, কারও ৯০ পারসেন্ট; কারও ৫০ পারসেন্ট দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শরীরের ১২ শতাংশ পোড়া ক্ষত নিয়ে মো. হাসান এবং ৫০ শতাংশ পোড়া ক্ষত নিয়ে জাহান আইসিইউতে ভর্তি আছেন। হাসান আইসিইউ এর ১১ নম্বর বেডে এবং জাহান ৯ নম্বর বেডে আছেন। আর শরীরের ৯৮ শতাংশ পোড়া ক্ষত নিয়ে মো. মুসা ভর্তি আছেন এসডিইউর ৬০২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে। এ ছাড়া ওলিল শিকদার ২০ শতাংশ, খলিল শিকদার ৮ শতাংশ, ইয়াসিন আলী ৫৫ শতাংশ, মো. বাবলু ১৮, আল-আমিন ১৫, বাচ্চু মিয়া ৪০ শতাংশ ও আজমের ৮০ শতাংশ পোড়া ক্ষত নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। আর মোস্তফা নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।








