,

ভারত ও মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের কদর বেড়েই চলেছে

ভারত ও মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের কদর বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার – বাংলাদেশি পোশাকের কদর সর্বত্র। করোনা ভাইরাসের কারনে তা কিছুটা থমকে গিয়েছিল। আবার বাংলাদেশি পোশাকের কদর বাড়তে শুরু করেছে। ভারত ও মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের কদর অনেক বেড়েছে।
ইপিবি’র তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে ভারতে ৭ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। পরের মাস আগস্টে বাংলাদেশ থেকে ১১ কোটি ১৩ লাখ ১০ হাজার ডলারের পোশাক কিনেছেন ভারত। অর্থাৎ এক মাসের ব্যবধানে ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে ৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ডলার।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) সবশেষ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের কদরের এ তথ্য। অটেক্সার প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩১৩ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে এই রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২৪৭ কোটি ডলার। সে হিসাবে এই আয় বেড়েছে ২৬ দশমিক ৮১ শতাংশ।

ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। জুলাই ও আগস্ট মাসে ভারতে প্রায় ১৮ কোটি ৮২ লাখ ৯০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি করেছেন বাংলাদেশের রফতানিকারকরা। এই অংক ২০২১ সালের একই সময়ের চেয়ে প্রায় ৯৯ শতাংশ বেশি। গত অর্থবছরের এই দুই মাসে দেশটিতে ৯ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলারের পোশাক রফতানি করেছিল বাংলাদেশ।

শুধু পোশাক রফতানিই নয়, ভারতের বাজারে অন্যান্য পণ্যের রফতানিও বেড়েছে। ইপিবি’র তথ্য অনুযায়ী, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত অর্থবছরে (২০২১-২২) ভারতে বাংলাদেশের রফতানি ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের ঘরে পৌঁছে, যা ছিল আগের অর্থবছরের (২০২০-২১) চেয়ে ৫৫ দশমিক ৬২ শতাংশ বেশি। দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রফতানি বেড়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ।

ইপিবি’র তথ্যে দেখা যায়, গত অর্থবছরে ভারতে ১৯৯ কোটি ১৩ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। এর মধ্যে পোশাক রফতানি হয়েছে ৭১ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার। রফতানি উন্নয়ন ব্যুরো’র তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ভারতে ১২৭ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য রফতানি করা হয়। ২০১৯-২০ অর্থবছরে রফতানি হয় ১০৯ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলার। ২০১৮-১৯ অর্থবছরে ভারতে ১২৫ কোটি ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ।
আবার গত জুলাই পর্যন্ত এক বছরে মার্কিন বাজারে গেছে ৫৮৯ কোটি ডলারের বাংলাদেশি তৈরি পোশাক। করোনার ধাক্কায় পড়া গত বছরের জুলাই পর্যন্ত এক বছরে এই রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৫৩২ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে দেশটিতে বাংলাদেশি তৈরি পোশাকের আয় বেড়েছে ১০ দশমিক ৭৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে, বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির এই আয়ের প্রবৃদ্ধি দেশটিতে পোশাক রপ্তানিকারক শীর্ষ ৫টি দেশের মধ্যে সর্বোচ্চ। মার্কিন পোশাকের বাজার দখলে এগিয়েছে বাংলাদেশ। বর্তমান যুক্তরাষ্ট্রের আমদানি করা মোট পোশাকের (ডলারের হিসাবে) ৮ দশমিক ২৩ শতাংশ সরবরাহ করে তৃতীয় অবস্থানে রয়েছে মেড ইন বাংলাদেশ। গত বছরের জুলাই পর্যন্ত যা ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ