,

বঙ্গবন্ধুর সমাধিতে ট্যুরিস্ট পুলিশ প্রধানের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান।

মঙ্গলবার তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, গোপালগঞ্জ সিআইডির এএসপি মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে হাবিবুর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে ১০ অক্টোবর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক  হিসেবে পদোন্নতি দেয়া হয়। একই সঙ্গে তাকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে আদেশে তাকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ধঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হলো।

হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ তিন বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুই বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।

পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ নানান সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন ডিআইজি হাবিব। যার নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’। এছাড়া সবশেষ চলতি বছরের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় হাবিবুর রহমানের গবেষণাগ্রন্থ ‘ঠার; বেদে জনগোষ্ঠীর ভাষা’। বইটিতে তিনি বেদেপল্লির অজানা ভাষাকে একটি পূর্ণাঙ্গ বই হিসেবে লিখিত রূপ দেওয়ার চেষ্টা করেছেন।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। দৌলতদিয়ার যৌনপল্লীর শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি, সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন। রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতেও তার ভূমিকা রয়েছে।এছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠক। কাজ করছেন দেশের কাবাডি নিয়ে। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটির সাধারন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। তিনি ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে পৌছালে ট্যুরিস্ট পুলিশ ঢাকার ডিআইজি  ইলিয়াছ শরীফ এবং ট্যুরিস্ট পুলিশের উর্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টর্স কনফারেন্স রুমে বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাদের সহিত শুভেচ্ছা বিনিময় করেন ও দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ