স্টাফ রিপোর্টার – রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে (৬ সেপ্টেম্বর) সকালে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি স্মারক বইতে সাক্ষর করেন। বার্তাসংস্থা এএনআই।
এরআগে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
এরপর ভারতীয় নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তাঁরা বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহও পরিদর্শন করেন শেখ হাসিনা।








