স্টাফ রিপোর্টার : যমুনায় ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। চাষের জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি। উপজেলার চিকাজানী চুকাই বাড়ী, বাহাদুরাবাদ, চরআম খাওয়া, হাতিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে।
ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ শোনা যাচ্ছে। বাহাদুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভাটিরপাড়া সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ভাঙনে ফসলি আঁখ নদী গর্ভে চলে যাচ্ছে। বিগত দুই তিন বছর ধরে এই পয়েন্টে প্রায় ৬০ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোল্যাকান্দীতেও নদী ভাঙন অব্যাহত রয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী নদীভাঙন প্রবণ ইউনিয়ন চিকাজানী, চুকাইবাড়ী ইউনিয়নে প্রতিবছর নদী ভেঙে একরের পর একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ ভাঙন এলাকার পাড়ে এসে খোঁজ খবর নেননি এবং প্রতিরোধের কোন ব্যবস্থাও নেননি। একই সঙ্গে ভাঙনকবলিত এলাকার পাশে বছরের পর বছর ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাাহী প্রকৌশলী আবু সাইদ বলেন, বিশেষ গুরুত্বপুর্ণ স্থাপনা রক্ষায় নদী ভাঙন রোধে আমাদের বাজেট দেয়া হয়। কিন্তু ফসলি জমি রক্ষার জন্য কোনও বরাদ্দ আমাদের দেয়া হয় না। তবে আমরা ভাঙন থেকে ফসলি জমি রক্ষার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাজেট দিয়েছি।








