স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে। আমি নিজে যাদের দেখেছি গায়ে কাপড় নেই। মনে হয় যেন একেকটা কঙ্কাল হাঁটছে। তাদের ভাগ্যের পরিবর্তন করাটাই ছিল সরকারের লক্ষ্য।
রোববার মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং ‘বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ২০২২’ ও ‘শুদ্ধচার পুরস্কার ২০২২’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হন।।
নির্বাচনি ইশতেহারের কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এভাবে ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক। আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা বাস্তবায়ন করা। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে।
শেখ হাসিনা বলেন, আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলো যা দেয়নি। আমি আশা করি, সবাই এ ভ্যাকসিন নেবেন।
করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশ এগিয়ে চলছে মন্তব্য করে তিনি বলেন, মহামারির পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে। আমাদের মতো দেশে তো আরও বেশি এটার প্রভাব পড়েছে।
তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী সরকারগুলো ভুলেই গিয়েছিলো যে, সরকার মানুষের সেবার জন্য। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের কথা মাথায় রেখেই প্রতিবার বাজেট করা হয় এবং কোন কাজ করা হলো বা হলো না তা পর্যালোচনা করা হয়।








