বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক বিজয়

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য এক অসাধারণ কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

প্রফেসর ইউনূস বলেন, “আমরা গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলের ঐতিহাসিক সাফল্যকে স্বাগত জানাই। এটি আমাদের অর্থনৈতিক কূটনীতির এক নতুন মাইলফলক।”

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিরা শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। এই সাফল্য তাদের কৌশলগত দক্ষতা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, গত ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হয়ে বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধা, নিরাপত্তাজনিত শর্ত এবং বাণিজ্য সুবিধা নিয়ে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে আলোচক দল। সেই প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করে তারা একটি এমন চুক্তি নিশ্চিত করেছেন, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখার পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগও আরও প্রসারিত করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই অর্জন শুধু আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বই নির্দেশ করে না, বরং এটি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও স্থায়ী সমৃদ্ধির দিকেও আমাদের পথ প্রশস্ত করেছে। এ চুক্তি আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী নিদর্শন।”

বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তির ফলে বাংলাদেশের পণ্য এখন আরও প্রতিযোগিতামূলক হারে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে, যা দেশের রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ