স্টাফ রিপোর্টার- নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। মঙ্গলবার দেওয়া আরেক প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানোর বিষয়টিও জানানো হয়েছে।
সরকারের প্রশাসনযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তার এই চেয়ারে বসতে যাচ্ছেন জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন। তিনি এতদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সামলেছেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি। নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা।
এদিকে চাকরি জীবনের শেষ প্রান্তে এসে অর্জন করা অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ২৪তম মন্ত্রিপরিষদ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুপুরে সচিবালয়ে জ্বালানি বিভাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মাহবুব হোসেন বলেন, সকালেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা আদেশ পেয়েছি, সেখানে আমাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য প্রশাসন ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে এসে যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা অর্জন করেছি তা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।
নির্বাচনী বছর হিসেবে কী কী চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন- এমন বিষয়ে জানতে চাইলে নতুন মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি কাল দায়িত্ব নিয়ে চিন্তা করবো, কী চ্যালেঞ্জ সামনে ফেইস করবো। কারণ আমি এখন পর্যন্ত জ্বালানি মন্ত্রণালয়ের সচিব। সরকারের বৈশিষ্ট্য হলো আইন-বিধি নীতিমালা। সেটা যাতে ঠিকভাবে চলে। যে চ্যালেঞ্জ আসুক না কেন সেটা পরিপূর্ণ দক্ষতা দিয়ে মোকাবিলা করবো। আমার তরফ থেকে এটুকু আমি বলতে পারি।
মন্ত্রিপরিষদ সচিব পদটি সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র পজিশন। আমার প্রথম কাজটি হবে সব মন্ত্রণালয়, সংস্থা ও দপ্তরের সঙ্গে সমন্বয় করা। এর মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি হবে এটি এবং সে কাজ করার ক্ষেত্রে আমি খুব আশাবাদী।
মাহবুব হোসন আরও বলেন, আমি সেজন্যই বলেছি সমন্বয় করাটা হবে আমার মূল দায়িত্ব। সবার সঙ্গে সব মন্ত্রণালয়, সংস্থার সঙ্গে সমন্বয় করা। আমাদের সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে যেসব আইন, বিধি, নীতিমালা আছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা। সেটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সে দিকে নজরদারি রাখবো।
চাকরিজীবনে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বিভিন্ন অ্যালামনাই ও সামাজিক সংগঠনের পাশাপাশি সাহিত্য চর্চার (ছোটগল্প গল্প ও কবিতা) সঙ্গে সম্পৃক্ত।
বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি এবং বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করা মাহবুব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে পড়ালেখা করেছেন। চাকরিতে যোগ দেওয়ার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স করেন তিনি।








