স্টাফ রিপোর্টার – ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানাতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গিয়ে সেখানে রানির প্রতি শোক জানাতে রাখা বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন তার টুইটার অ্যাকাউন্টে শোক বইয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের ছবি পোস্ট করেন।
ওই পোস্টে হাইকমিশনার লিখেছেন, মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের শোক বইয়ে স্বাক্ষরের জন্য আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি ধন্য। প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান ও প্রজ্ঞা এবং রানির সঙ্গে তার ও তার বাবার (বঙ্গবন্ধু) বহু সাক্ষাতের কথা স্মরণ করেছেন।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত ৮ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেন। সেইসঙ্গে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্য উপলক্ষে সেদিন ব্রিটেনে সরকারি ছুটি থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা দেন। তিনি বলেছিলেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাকে গভীর শোক ও দুঃখ জানাচ্ছি। আপনার মাধ্যমে যুক্তরাজ্যের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।’
শোকবার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘আমাদের আন্তরিক শ্রদ্ধা-প্রার্থনা শোকাহত রাজপরিবারের সদস্য ও যুক্তরাজ্যের শোকাহত জনগণের সঙ্গে রয়েছে। আমরা মহামান্যের বিদেহী আত্মার চিরশান্তি ও পরিত্রাণের জন্য প্রার্থনা করছি।’
শেখ হাসিনা উল্লেখ করেছিলেন, রানি শুধু ২৫০ কোটি কমনওয়েলথ জনগণের স্তম্ভ ও শক্তিই ছিলেন না, বরং তিনি করুণা, মর্যাদা, প্রজ্ঞা ও সেবারও প্রতীক ছিলেন। শেখ হাসিনা লিখেছিলেন, বিশ্বের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে বড় কিংবদন্তি ছিলেন রানি। দীর্ঘতম রাজত্বকারী হিসেবে তিনি কর্তব্য, সেবা ও ত্যাগের সর্বোচ্চ মান স্থাপন করেছেন। তিনি একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন।








