স্টাফ রিপোর্টার – রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এমনটিই জানিয়েছেন। তফসিল চূড়ান্ত করতে সকাল ১১টায় কমিশন সভা আহবান করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে এ তথ্য জানান সিইসি।
তিনি বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাত করার বিধান আছে। সেই মোতাবেক আজ দুপুরে স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। আগামী ১লা ফেব্রুয়ারি ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।








