স্টাফ রিপোর্টার – সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানি রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে সদস্য নির্বাচিত হন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।
সংসদ সদস্য শেখ এ্যানি রহমান ৯ মাস ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিন তিনি বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফ সপোর্টে ছিলেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে। শোক বার্তায় শেখ হাসিনা বলেন, শেখ এ্যানি রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মীবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়নে সব সময় উদ্যোমী ছিলেন। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মসিউর রহমান মহারাজসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।








