,

সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বিএনপি – ওবায়দুল কাদের

আ.লীগ ক্ষমতার জন্য কখনও বিদেশিদের কাছে ধরনা দেয় না

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত বিএনপি। বিএনপি বৈশ্বিক সংকট বুঝতে অক্ষম হলেও জনগণ ঠিকই পরিস্থিতি বিবেচনায় নিজেদের মতো করে সাশ্রয়ী ও সংযমী হচ্ছে। বিএনপির আন্দোলন মানেই হচ্ছে- সন্ত্রাস সৃষ্টির উস্কানি ও রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি করা ।

শুক্রবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিবের মিথ্যা ও বানোয়াট অভিযোগ নির্ভর বিবৃতির নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি। বিএনপির চিরায়ত আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সর্বদা বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটে বিএনপি জনগণের পাশে না থেকে বরং তারা দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছে।
আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের তার বিবৃতিতে বিএনপিকে বরাবরের মতো আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জন সমর্থন যাচাই করুন।

রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি বলে ওবায়দুল কাদের জানান, বিএনপি’র আন্দোলন মানেই সন্ত্রাস সৃষ্টির উস্কানি ও রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি। বিএনপি’র এই চিরায়ত আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে। বিরাজমান বৈশ্বিক সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের চক্রান্ত চালাচ্ছে বিএনপি। একই সঙ্গে সংকটকে পুঁজি করে সরকারবিরোধী আন্দোলনের নামে তারা আরও দেশবিরোধী ও গণবিরোধী হয়ে উঠেছে। পাশাপাশি বিএনপি’র অন্তর্নিহিত ফ্যাসিস্ট চরিত্র জনগণের সামনে ফুটে উঠছে এবং তারা যে কোনো উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করছে। আর সরকারের পদত্যাগের জনবিচ্ছিন্ন দাবি করে যাচ্ছে।

আন্দোলনের নামে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, সরকার বিরোধী দল দমন করছে বিএনপি এমন অভিযোগের আড়ালে তাদের সন্ত্রাসী বাহিনীকে রক্ষা করার চেষ্টা করছে। দেশের যে সকল জায়গায় তারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে সে সকল এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিরোধী মতকে দমনে বিশ্বাস করে না। কারণ আওয়ামী লীগ মনে করে রাজনীতি ও ক্ষমতার একমাত্র উৎস হলো দেশের জনগণ। তাই জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা সরকারের অপরিহার্য কর্তব্য। বিএনপিকে সন্ত্রাস নির্ভরতা ত্যাগ করে প্রকৃত গণতান্ত্রিক পথে আন্দোলন করার আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলনের নামে কাউকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে জনমনে ভীতি সঞ্চার ও ক্ষতিকর কার্যকলাপ সংঘটন করতে দেয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুদক্ষ ব্যবস্থাপনায় সকল ধরনের সংকট মোকাবিলায় সক্ষম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উপর আস্থা রাখে। এই সংকট মোকাবিলায় শেখ হাসিনার সরকার জনগণের প্রতি যে সকল আহ্বান জানিয়েছে জনগণ তাতে সাড়া দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বৈশ্বিক সংকট বুঝতে অক্ষম হলেও জনগণ পরিস্থিতি বিবেচনায় নিজেদের মতো করে সাশ্রয়ী ও সংযমী হচ্ছে। সরকার এমন কোনো চাপে নেই যে নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে। সরকার পরিবর্তনের একমাত্র উপায় হলো নির্বাচন। আমরা বিএনপিকে বরাবরের মতো আহ্বান জানাবো আগামী নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জনসমর্থন যাচাই করুন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ