স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে ৪ নম্বর বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৩০ ট্রলার ও ৩৮ জেলে নিখোঁজ আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ নিয়ে ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ সতর্কবার্তায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ-উত্তর উড়িশা উপকূল অতিক্রম করেছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে পারে। গভীর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।
গভীর নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগেুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে। বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৩০টি ট্রলার। নিখোঁজ জেলেদের স্বজনরা আলীপুর-মহিপুর জেলে পল্লীতে ভিড় করছেন। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়।নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া।
উদ্ধারও হয়েছেন অনেক জেলে। উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ কবলে তাদের ট্রলারগুলো ডুবে গেছে। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে। নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।








