দলের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে সিলেটে পৌঁছালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।
দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে শেখ হাসিনা গাড়িবহর নিয়ে হজরত শাহজালাল (রা.) ও হজরত শাহপরান (রা.)-এর মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য আলিয়া মাদরাসা ময়দানে প্রস্তুত রয়েছে সভামঞ্চ। ইতোমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।








