স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়িতে কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক মৃত্যু বেড়ে ৪৫ জনের মৃত্যু হয়। আরেক মৃত্যুর খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার নাম-গাউসুল আজম।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মীর মৃত্যু হলো। এর আগে নয়জন ফায়ারফাইটারের মৃতদেহ পাওয়া গিয়েছিল। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন গাউসুল আজম। সেখানেই মারা যান।
গত শনিবার রাতে ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। চারদিনের গিয়ে আগুন নিয়ন্ত্রণেে আসে। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত এবং নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে হতাহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

এখন কনটেইনার ডিপোর ভেতরে চলছে ধ্বংসস্তূপ সরানো ও ধোয়ামোছার কাজ। ডিপো কর্তৃপক্ষ তাদের নিজস্ব লোকবল ও যন্ত্রপাতি দিয়ে এগুলো সরাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে পুরোপুরি কাজের উপযোগী করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে।
এদিকে কনটেইনার ডিপো ১১৮টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হতো। এসব ক্যামেরার তথ্য সংরক্ষিত হতো ১০টি ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিনে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ডিভিআর মেশিনগুলো জব্দ করে। সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদ শরীফ জানান, `সীতাকুণ্ডে আগুনে ক্ষতিগ্রস্ত বিএম ডিপোতে ১১৮টির মতো সিসিটিভি ছিল। সেগুলোতে ধারণকৃত ভিডিও ১০টি ডিভিআর মেশিনে জমা হতো। আমরা মেশিনগুলো জব্দ করেছি। সবগুলো ডিভিআর মেশিন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ অগ্নিকাণ্ডের সময় ডিপোর আইটি কক্ষটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মেশিনগুলো সীতাকুণ্ড থানা হেফাজতে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দিয়ে ডিভিআরগুলোতে থাকা তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে।’








