স্টাফ রিপোর্টার \ ভয়াবহ বন্যায় পানিপ্রবাহ দূর করতে সিলেট-সুনামগঞ্জের অনেক সড়ক কেটে ফেলা হয়েছে। কিছু সড়ক ভেঙে গেছে। বন্যায় ভেঙে ও কেটে ফেলা সড়কের ওপরে নতুন করে উড়াল সড়ক, কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব স্থানে নতুন করে পুনরায় সড়ক নির্মাণ করা যাবে না বলে মত দেন তিনি।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার শেরে বাংলানগরস্থ এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের অনেক সড়ক কেটে ফেলা হয়েছে পানি বের করার জন্য। এছাড়া কিছু সড়ক ভেঙে গেছে। তাই এসব সড়কের জায়গায় নতুন করে সড়ক নির্মাণ করা যাবে না। এসব জায়গায় সেতু, উড়াল সড়ক অথবা কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে। সড়ক সেতু ভেগে গেছে। হাওর বা প্লাবন এলাকায় সড়ক নয় ব্রিজ অথবা কালভার্ট করতে বলেছেন প্রধানমন্ত্রী। পানি চলাচলে যেন বাঁধা সৃষ্টি না হয়। সিলেট এলাকায় পুনর্বাসনের জন্য নতুন করে প্রকল্প নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকায় তাই পুনর্বাসনের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে। একনেক সভায় নিয়ে আসা হবে। আরও কোথায় ওভারপাস বা আন্ডার পাস দরকার তা খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া নৌরুটে কালভার্ট না করে, ব্রিজ নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়াও পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করতে হবে। পরিকল্পনামন্ত্রী আরও জানান, মসলা চাষ ও গবেষণা বাড়াতেও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩৪১ কোটি টাকা পাওয়া যাবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ; মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ; কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিমি-এ রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ; চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা মহাসড়কের (জেড-৮৭০১) পিরোজপুর অংশের জরাজীর্ণ, অপ্রশস্ত বেইলি সেতুর স্থলে পিসি গার্ডার সেতু ও আরসিসি বক্স কালভার্ট নির্মাণ; কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ (১.৬০ কিমি থেকে ৩২.০০ কিমি পর্যন্ত) সড়ক প্রশস্তকরণ; জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ (১ম সংশোধিত); বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) (৩য় সংশোধিত); ঢাকা সেনানিবাসে এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস) এর ভৌত অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ; কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন।








