,

জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের পুনর্প্রতিষ্ঠিত করেছিলেন: আমু

স্টাফ রিপোর্টার \ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে শুধু রাজনীতি করার অধিকারই দেননি, তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন।

বৃহস্পতিবার ঝালকাঠি সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ যেন না হয়, তার জন্য ইনডেমনিটি অ্যাক্ট বিল পাস করেছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় না এনে জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।

কলেজের অধ্যক্ষ প্রফেসর  মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক  সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ