স্টাফ রিপোর্টার – মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (MFS) এর এজেন্ট ব্যবসার আড়ালে অবৈধ হুন্ডি ব্যবসায় জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া।
তিনি জানান, হুন্ডি সবসময় রিজার্ভের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের অর্থনীতির উপর এই ঝুঁকি মোকাবেলায় সিআইডি হুন্ডি কার্যক্রমের উপর নজরদারী শুরু করে। সিআইডি ইন্টেলিজেন্স সংগ্রহপূর্বক MFS এর মাধ্যমে হুন্ডি পরিলক্ষিত হচ্ছে এরকম প্রায় পাঁচ হাজারের অধিক MFS এজেন্ট একাউন্টের সন্ধান পায়। সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইম এবং সাইবার ক্রাইম ইউনিট ঢাকা এবং চট্টগ্রামে যৌথভাবে তিনটি অভিযান পরিচালনা করে সর্বমোট ১৬ (ষোল) জনকে গ্রেফতার করে এবং এই হুন্ডি চক্রের সদস্যদের দ্বারা গত ৪ মাসে ২০ কোটি ৭০ লক্ষ টাকা পাচারের তথ্য পাওয়া যায়।
সিআইডি অনুসন্ধানে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে হুন্ডির মাধমে বিদেশে অর্থপাচার এবং বিদেশে অবস্থানরত ওয়েজ আর্নারদের কষ্টার্জিত অর্থ বিদেশ থেকে বাংলাদেশে না এনে স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধ করার মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করে আসছে। প্রাথমিক পর্যায়ে বিকাশ, নগদ, রকেট ও উপায় এর MFS এজেন্ট এই অবৈধ হুন্ডি ব্যবসার সাথে জড়িত মর্মে চিহ্নিত করা হয়। এই ৫০০০ MFS এজেন্টের হুন্ডি ব্যবসার কারণে গত চার মাসে বাংলাদেশ প্রায় ২৫০০০ কোটি টাকার সমপরিমান মূ্ল্যের রেমিট্যান্স থেকে বঞ্চিত হয়েছে। যা গত একবছরে ৭৫০০০ কোটি টাকার সমপরিমাণ। যা ইউএস ডলারে পরিমাণ দাড়ায় প্রায় ৭.৮ বিলিয়ন।
তিনি আরও জানান, সংঘবদ্ধ হুন্ডিচক্র প্রবাসে বাংলাদেশীদের উপার্জিত বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে তা বাংলাদেশে না পাঠিয়ে উক্ত বৈদেশিক মুদ্রার সমপরিমান মূল্যে স্থানীয় মুদ্রায় পরিশোধ করে। এ কাজে অপরাধীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কাজটি করে থাকে। প্রথম গ্রুপ বিদেশে অবস্থান করে প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মূদ্রা সংগ্রহ করে, দেশ থেকে যারা টাকা পাচার করতে চায় তাদেরকে দেয়। দ্বিতীয় গ্রুপ পাচারকারী ও তার সহযোগীরা দেশীয় মূদ্রায় উক্ত অর্থ MFS এর এজেন্টকে প্রদান করে। তৃতীয় গ্রুপ তথা MFS এর এজেন্ট কর্তৃক বিদেশে অবস্থানকারীর নিকট হতে প্রাপ্ত MFS নম্বরে দেশীয় মূদ্রায় মূল্য পরিশোধ করে। এসব চক্র প্রতিনিয়ত অবৈধভাবে MFS ব্যবহার করে ক্যাশ ইন এর মাধ্যমে কোটি কোটি টাকা হুন্ডি করছে। MFS এর এজেন্টদের সহযোগীতায় পাচারকারীরা বিদেশে স্থায়ী সম্পদ অর্জনসহ অনলাইন জুয়া, মাদক কেনাবেচা, স্বর্ণচোরাচালান, ইয়াবা ব্যবসাসহ প্রচুর অবৈধ ব্যবসাও পরিচালনা করছে।
গ্রেফতারকৃতরা হলোঃ- আক্তার হোসেন (৪০ ), দিদারুল আলম সুমন (৩৪), খোরশেদ আলম ইমন (২২), মরুমন কান্তি দাস জয় (৩৪), রাশেদ মঞ্জুর ফিরোজ (৪৫) মোঃ হোসাইনুল কবির (৩৫), নবীন উল্লাহ (৩৭), মোঃ জুনাইদুল হক (৩০), আদিবুর রহমান (২৫), আসিফ নেওয়াজ (২৭), ফরহাদ হোসাইন (২৫), আবদুল বাছির (২৭), মাহাবুবুর রহমান সেলিম (৫০), আবদুল আউয়াল সোহাগ (৩৬), ফজলে রাব্বি (২৭) এবং শামীমা আক্তার (৩২)।
সিআইডির অভিযানে বিপুল পরিমান নগদ টাকা, ইলেক্ট্রনিক মানি,
মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, সিমকার্ড, কম্পিউটার হার্ডডিস্ক, ইন্টারনেট মডেম ও চেক বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপির কোতয়ালী থানা, ডিএমপির মোহাম্মদপুর থানা, খিলগাঁও মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
সিআইডি প্রধান বলেন, রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি এদেশের অর্থনীতির উপর যে চাপ তৈরী করেছে তা মোকাবেলা করার জন্য সরকার অত্যন্ত তৎপর। এসব অবৈধ কর্মকান্ড দেশী ও বিদেশী মুদ্রাপাচার মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২(শ)(১৪) ধারা অনুযায়ী সম্পৃক্ত অপরাধ। যা একই আইনের ৪(২) এর ধারায় দন্ডনীয়। এ বিষয়ে মামলা রেকর্ডসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।








