,

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে – মোজাম্মেল হক

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে - মোজাম্মেল হক

স্টাফ রিপোর্টার – মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০২৪ সালের মার্চে সারা দেশে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সেটা প্রকাশ করা সম্ভব হবে না। তবে মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভব হবে। বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। কয়েক দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বললেন মুক্তিযুদ্ধের কোনো প্রস্তুতি ছিলো না। যারা স্বাধীনতাকে মানে না তারা সব সময়ই আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য অত্যন্ত কুট-কৌশলে এই কথাগুলো বলতে থাকে। বঙ্গবন্ধু সেই সময় তরুণ ছাত্র নেতা তিনিই প্রথম ভাষা আন্দোলনের কারণে গ্রেফতার হয়। অথচ বদরুদ্দিন উমরদের মতো লোকেরা লেখেন ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর দেখেননি। তিনি জেলে ছিলেন, এমন কি ২১ ফেব্রুয়ারি তিনি অনশন ধর্মঘটরত ছিলেন জেলখানায়। এই ফরমায়েশি ইতিহাস লেখকরা এইভাবে ইতিহাসকে বিকৃত করেছে। আমি অন্য কিছু স্বাক্ষি মানতে চাই না, আউয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বঙ্গবন্ধুর প্রতি কি বলেছিলো যে, শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য এই এই করেছে বিস্তারিত বিবরণ দিয়ে। এগুলো তো ডকুমেন্ট। তার পরেও যদি বলে আমাদের মুক্তিযুদ্ধের কোনো প্রস্তুতি ছিলো না এদের সম্পর্কে কি বলা যায়। তাদের মহাসচিব মির্জা ফখরুল বললেন কি- পাকিস্তানই না কি ভালো ছিলো। জাতি জানতে চায় কোন কোন ব্যাপারে পাকিস্তানের সময় এর চেয়ে ভালো ছিলো। তারা যে স্বাধীনতাকে মানে না, এখনও মনেপ্রাণে বিশ্বাস করে না। ৭১ সালে তো প্রত্যক্ষভাবে বিরোধীতা করেছেই এখনও এই স্বাধীন বাংলাদেশকে তারা মেনে নিতে পারে না বলেই তারা এই কথা বলে। তারা সব সময় ইতিহাসকে বিকৃত করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আ ক ম মোজাম্মেল হক দুপুরে বাগমারা পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ