আসন্ন নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০ দলের মোট দুই হাজার ৭৪১ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ সংসদীয় আসনের জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। শেষদিনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়ন দাখিল করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা ছিল মনোনয়নপত্র জমার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে ইসি।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।








