স্টাফ রিপোর্টার – আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ২২ দিন ইলিশ ধরা ও বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও একটি নির্দিষ্ট সময় ইলিশ ধরা বন্ধ করছে সরকার। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে।
আশ্বিনী পূর্ণিমার সময় ইলেশের প্রধান প্রজনন মৌসুম। সে হিসেবে এবার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অর্থাৎ, ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করছে সরকার। এ সময় ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ, মজুদও নিষিদ্ধ থাকবে। জানা গেছে, নিষিদ্ধ সময়ে সারাদেশের মাছের ঘাট, মৎস্য আড়ৎ, হাট-বাজার, চেইনশপে অভিযান চালানো হবে। এছাড়া ইলিশ ধরা নিষিদ্ধের সময়ে জেলেদের ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় চাল দেবে সরকার।








