সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেয়ার ব্যাপারে যা বললো এনসিপি

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন—আমরা তাকে স্বাগত জানাই। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমাদের সহযোদ্ধাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত ইসলামের আমির, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নুরসহ অনেকে প্রার্থী হয়েছেন। এনসিপি তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংসদে নিয়ে আসার পরিকল্পনা করছে।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, বেগম খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির এই ঘোষণার একদিন পরই এনসিপি আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে সংসদে শক্তিশালীভাবে উপস্থাপন করা সম্ভব হবে।”

তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন দলের সহযোদ্ধারা একসঙ্গে কাজ করে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ