জাতীয় পার্টির (জাপা) কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রওশনপন্থিরা। ঘণ্টাখানেকের জন্য তারা কার্যালয় দখল করেন। কাকরাইলের দলীয় কার্যালয় কেউ দখল করতে এলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেওয়া হয়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কাকরাইলে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান রওশনপন্থী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ। এরপর নেতাকর্মীরা কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন এবং শুরু হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই জানিয়ে মামুনুর রশিদ বলেন, কাদের-চুন্নুর জন্য আজ দলের বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে। অতীত ভুলে পুনরায় শক্তিশালী করা হচ্ছে দলকে।
এ সময় মামুনুর রশিদ দলের চেয়ারম্যান জিএম কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, কাকরাইলের দলীয় কার্যালয় কেউ দখল করতে এলে সমুচিত জবাব দেওয়া হবে।








