স্টাফ রিপোর্টার- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে এখনও কিছু ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠি আছে যাদের মানুষ ঘৃণা করে।
শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনে আয়োজিত ওয়ানগালা উৎসবে এ মন্তব্য করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত মামলায় মধুপুরের কোনো গারোকে গ্রেপ্তার করতে দেওয়া হয়নি। দেশে সব জাতিগোষ্ঠির মানুষ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। সবার মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে।
ডলার সংকট নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, সার, জ্বালানি তেল ও রপ্তানি খাতে সরকারকে প্রচুর পরিমাণে ডলার ভর্তুকি দেওয়া লাগছে।ফলে দেশে ডলার সংকট আছে।তার পরও দেশে খাদ্য সংকট হবে না। খাদ্য মজুত রয়েছে পর্যাপ্ত।
দেশে দুর্ভিক্ষ আসার কোনো সুযোগ নেই মন্তব্য করে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। দেশ কৃষিক্ষেত্রে অনেক এগিয়েছে। আমাদের কৃষকরা এখন খাদ্য উৎপাদনে অনেক অনেক সক্রিয়। বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলের কৃষকরা ভুট্টা ও সবজি চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। সরকার রাসায়নিক সারে ভর্তুকি দিচ্ছে। কৃষকদের জন্য সরকার সব ধরনের সুযোগ তৈরি করতে কাজ করছে।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। নির্বাচন নিয়ে যাঁরা মন্তব্য করছেন, তাঁদের সতর্ক করা হবে।
আব্দুর রাজ্জাক বলেন, শুধু জাপান নয়, কোনো দেশের রাষ্ট্রদূতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তাঁদের সতর্ক করা হবে। বাংলাদেশ একটি স্বাধীন–সার্বভৌম রাষ্ট্র। এই দেশ কখনো কারও কাছে মাথা নত করবে না। দেশের মর্যাদা যেকোনোভাবে ধরে রাখতে হবে। তিনি বলেন, সংবিধানের ১২৬ ধারায় উল্লেখ আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেখানে তাদের সহযোগিতা করবে জেলা প্রশাসন ও পুলিশ। এটা তাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তাদের এমন নির্দেশ দিয়েছেন। আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। বিএনপি যতই আন্দোলন–সংগ্রাম করুক, তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।








