বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ধর্মকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে না : রহমাতুল্লাহ

ব্যুরো চিফ, বরিশাল

বিএনপি ধর্মকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্ম-বর্ণ-গোত্রের সমন্বয়ে আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের প্রণীত ১৯ দফা কর্মসূচির আলোকে শক্তিশালী সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠেছিল। তিনি বলেছিলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারও ধর্মকে কটাক্ষ করবে না বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না। বিএনপি ধর্মকে কখনো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে না এবং ক্ষমতা পরিবর্তনে অসৎ উদ্দেশ্যে ধর্মকে হাতিয়ার বানায় না।”

সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশে রহমাতুল্লাহ বলেন, “প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার ভোগ করা বাংলাদেশের সাংবিধানিক অধিকার। কোনো ধর্ম বা গোত্রের ভিত্তিতে সেটা নির্ধারিত নয়। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখন সব ধর্মের মানুষ নিরাপদে থেকেছে। ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন বিএনপি বিশ্বাস করে না।”

আসন্ন দুর্গাপূজা উৎসব শঙ্কামুক্তভাবে পালিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “ষড়যন্ত্রকারী একটি মহল সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে গুজব রটানোর চেষ্টা করে, ব্যক্তিগত বা সামাজিক দ্বন্দ্বকে কাজে লাগিয়ে উৎসবকে কলঙ্কিত করার ষড়যন্ত্র করে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার আলোকে যদি আগামীর বাংলাদেশ গঠন করা যায়, তাহলে ধর্মীয় বিভাজনমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল মহানগর কমিটির সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলার সভাপতি মানিক মুখার্জি কুন্ডু, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর সভাপতি আলবার্ট রিপন, সাধারণ সম্পাদক লিমন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজেশ্বর বণিক, সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ, কালিগঞ্জ দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন বসুসহ অনেকে।

একই দিন দুপুরে জেলা নরসুন্দর কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ওই সভায় বরিশাল জেলা নরসুন্দর কল্যাণ ইউনিয়নের আহ্বায়ক সুজন চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সুখদেব সরকার, জয়দেব দাস মিন্টু, সৌরভ চন্দ্র রায়, আপন সরকার, জয়দেব চন্দ্র শীল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ