স্টাফ রিপোর্টার \ প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্টিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে । আগামী ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবে কাতারে। সেখানে অন্তত দশ লাখের বেশি ফুটবলপ্রেমীদের সমাগম হবে, এমনটাই আশা করা হচ্ছে। তাইতো টিকিটের চাহিদাও এখন তুঙ্গে।
যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি থেকে টিকিটের প্রচুর চাহিদা রয়েছে। অংশগ্রহনকারী দল এবং দর্শক নিরাপত্তায় এতটুকু ছাড় দিতে রাজি নয় কাতার।
যেহেতু কাতারের নিজস্ব বাহিনীর একার পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, তাই তারা সাহায্য চেয়েছে কয়েকটি দেশের কাছে। এরই মধ্যে সামরিক জোট ন্যাটো ও তুরস্ক কাতার বিশ্বকাপে নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেছে। সেই তালিকায় নাম লেখালো পাকিস্তান। কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তানের সেনাসদস্যদের নিয়ে গঠিত একটি দল।
এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতিখার। সংবাদ সংস্থা পিটিআই তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘প্রধানমন্ত্রীর কাতার সফরের পর এটা যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, তা বলতে পারি। পাকিস্তান ও কাতারের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। নিরাপত্তা, প্রতিরক্ষাসহ বিভিন্ন দপ্তরে আমরা একে অন্যকে সহযোগিতা বজায় রেখেছি।’ কাতারে বিশ্বকাপ আয়োজনে অবকাঠামোগত উন্নয়নে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি করেন আসিম ইফতিখার।
চলতি মাসের ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত কাতার সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সে সফরে পাকিস্তানে বিনিয়োগ করার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী, এমন তথ্যও দেন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র, ‘প্রধানমন্ত্রীর কাতার সফরে দুই দেশের নেতৃত্বে নবায়নযোগ্য শক্তি, পর্যটন ও অতিথি শিল্পে বিনিয়োগ করার ব্যাপারে একমত হয়েছে। পাকিস্তানের বাণিজ্যিক ও বিনিয়োগ খাতে কাতার বিনিয়োগ কর্তৃপক্ষ তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত থাকায় কাতারের আমিরকে ধন্যবাদ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।








