স্টাফ রিপোর্টার- জাতীয় প্রেস ক্লাবের ২০২৩-২৪ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এতে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত মনোনয়ন জমা দিয়েছেন।
এবারের নির্বাচনে প্যানেল গঠনের জন্য গত তিন দিন একটানা মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান জাতীয় সংসদের সংসদ সদস্য এবং দৈনিক পথে প্রান্তরে পত্রিকার প্রধান সম্পাদক ও সিইও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
এবার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন। গত তিনদিনের টানা বৈঠকে সম্পূর্ণ গনতান্ত্রিক ভাবে গোপন ভোটে প্যানেল গঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল থেকে অংশ নিচ্ছেন সিনিয়র সহ-সভাপতি কার্তিক চ্যার্টাজী, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, আইযুব ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী।
প্যানেলে ১০টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, রহমান মুস্তাফিজ, মিজান মালিক, কল্যাণ সাহা, সলিমুল্লাহ সেলিম, নজরুল কবীর, নিজামুল হক বিপুল, ইব্রাহীম খলিল খোকন, শামীম সিদ্দিকী।








