স্পোর্টস ডেস্ক – আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের অভিজ্ঞ নারী ক্রিকেটার, সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামী। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। সেই সঙ্গে থেমে গেল ‘চাকদহ এক্সপ্রেস’-এর ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।
দীর্ঘকায় এই পেস বোলারের বিদায়ী সিরিজকে স্মরণীয় করে রাখল তার সতীর্থরা। শনিবার লর্ডসে সিরিজের তৃতীয় ম্যাচে ১৬ রানে জেতে ভারত। আর এতে ইংল্যান্ডকে তাদের মাটিতেই একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত। ক্যারিয়ারের শেষ ম্যাচে ঝুলন গোস্বামীকে সতীর্থরা গার্ড অব অর্নার দেন। ঝুলনকে গার্ড অব অর্নার দেন ইংলিশ মেয়েরাও। ম্যাচ জয়ের পর ঝুলনকে কাঁধে নিয়ে ভারতীয় দলের ক্রিকেটাররা মাঠও প্রদক্ষিণ করেন।

১০ বছর বয়সে গ্যালারিতে বসে ভারতের বিশ্বকাপ খেলা দেখতে গিয়েছিলেন ঝুলন। সেই থেকেই ফুটবলপ্রেমী ঝুলন আকর্ষিত হয়ে পড়েন ক্রিকেটের প্রতি। ১৫ বছর বয়সে শুরু করেন খেলা। নদিয়ার চাকদহে অনুশীলনের ভালো সুযোগ না থাকায় এসে পড়েন কলকাতা। সুযোগ পেয়ে যান পশ্চিমবঙ্গ দলে। ২০০২ সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক হয় তার।

নারী ওয়ানডে ক্রিকেটে ২৫২টি উইকেট নিয়েছেন ঝুলন। টেস্টে ৪৪ আর টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়েছেন ৫৬টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলছেন না তিনি। আপাতত পশ্চিমবঙ্গ দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন ঝুলন।
ভারতীয় নারী দলের সাবেক এ অধিনায়কের অবসর ছুঁয়ে গেছে তার সতীর্থদের হৃদয়ে। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কর, সহঅধিনায়ক শ্রীনিবাস মন্ধনারা জানিয়েছেন তাদের খেলোয়াড়ি জীবনে ঝুলনের প্রভাবের কথা। ঝুলনের অবসরে দলে বিশাল এক শূন্যতা তৈরি হওয়ার বিষয়ও মেনে নিয়েছেন তারা।

অনেক ঘাত-প্রতিঘাত, অনেক রাত জেগে থাকা, অনেক লড়াইয়ের পর তিনি থামলেন। নদিয়ার চাকদহ থেকে ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসে এই যাত্রায় তিনি গড়লেন অনেক মাইলস্টোন। তাই তো ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরেই এই বঙ্গতনয়াকে শুভেচ্ছা জানালেন আরও দুই বঙ্গ সন্তান। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক জন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই তালিকায় সচিন টেন্ডুলকার, বিরাট কোহলিও রয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ঝুলন গোস্বামী, মহিলাদের ক্রিকেটে জোরে বোলিংয়ের সমার্থক নাম। একটি বর্ণাঢ্য ক্রিকেট-জীবনের পর অবসর নিলেন। বাংলার সকলের পক্ষ থেকে আমি আমাদের বাংলার মেয়ে ঝুলনকে তাঁর সংগ্রাম এবং বিশাল অবদানের জন্য ধন্যবাদ জানাই। ছোট ছোট মেয়েরা ওর দিকে তাকিয়ে থাকবে।’
অভিনন্দন জানিয়ে সৌরভ লিখেছেন, ‘একটা দুর্দান্ত কেরিয়ার। যেটা জয়ের মধ্যে শেষ হল। ব্যক্তিগত ভাবেও ওর জন্য শেষ সিরিজটা ভাল কাটল। আগামী কয়েক দশক মহিলা খেলোয়াড়দের কাছে আদর্শ হয়ে থাকবে ঝুলন।’ ঝুলনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন সচিনও। মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। দুর্দান্ত কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।’








