স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেই হঠাৎ করেই আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক। নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
তামিমের এই ঘোষণা যে আসবে, তা যেন আগেই বোঝা যাচ্ছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল। কয়েকদিন আগেই যে এক পোস্টে তামিম বুঝিয়ে দিয়েছিলেন। ২০২০ সালের মার্চের পর এই সংস্করণে তামিমকে আর দেখা যায়নি। চোটের কারণে কিছুদিন তাকে পাওয়া যায়নি। পরে ফিট হলেও গত টি২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান। নিজের ম্যাচ অনুশীলনের ঘাটতি ও তরুণদের সুযোগ করে দেওয়ার কথা বলে সরে দাড়ান।
বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ার পর তাকে দলে ফেরানোর কথা ওঠে বেশ কয়েকবারই। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও তার সঙ্গে কথা বলেন কয়েক দফায়। তবে তিনি ফেরেননি। বরং গত ২৭ জানুয়ারি বিপিএল চলার সময় তিনি জানান, আন্তর্জাতিক টি২০ থেকে ৬ মাসের বিরতি নিচ্ছেন। সেই ৬ মাস শেষ হওয়ার দিন দশেক আগে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান এটিকে রূপ দিলেন স্থায়ী বিদায়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮ টি২০তে ২৪.০৮ গড়ে ও ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৫৮ রান করেন তামিম। টি২০ ক্যারিয়ার এখানেই শেষ করলেন। দেশের হয়ে ৭৪টি ও বিশ্ব একাদশের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তামিম।








