স্পোর্টস রিপোর্টার : ডোয়াইন ব্রাভো টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৬০০ উইকেট শিকারী বোলার হয়ে গেছেন। তিনি ৫০০ উইকেট শিকারেও প্রথম ছিলেন। এবার ৬০০ উইকেট শিকারেও প্রথম হয়েছেন।
দ্য হানড্রেড টি–টোয়েন্টি টুর্নামেন্টে নর্দান সুপার জায়ান্টসের হয়ে ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোকে এলবিডব্লু করার পর ইংলিশ ব্যাটসম্যান স্যাম কারেনকে আউট করে ৬০০ উইকেট শিকার করে নেন।
ওয়েস্ট ইন্ডিয়ান এ অলরাউন্ডার ৫৯৮ উইকেট নিয়ে ম্যাচটি খেলতে নেমেছিলেন। মাত্র ২ উইকেটের অপেক্ষা ছিল। সেই অপেক্ষা শেষ হলো। ম্যাচের ২০তম বলে প্রথম উইকেট নেন। আর ৮৯তম বলে নেন দ্বিতীয় উইকেট। স্বীকৃত টি–টোয়েন্টিতে বিশ্বের আর কোন বোলার ৫০০ উইকেটই শিকার করতে পারেননি। সেখানে ব্রাভো ৬০০ উইকেট নিয়ে ফেলেছেন। স্বীকৃত টি–টোয়েন্টিতে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ৪৬৬ উইকেট নিয়েছেন। ব্রাভোর পর আছেন রশিদই। ৪৬০ উইকেট নিয়ে এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।
ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৭৮টি। বাকি ৫২২টি উইকেট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলে পেয়েছেন। টি–টোয়েন্টি ক্যারিয়ারে ২২টি দলের হয়ে খেলেছেন ব্রাভো।








