লম্বা সময় পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল। চোটের কারণে বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজ মিস করতে হয়েছে দেশ সেরা ওপেনারকে। অন্যদিকে বিশ্বকাপের পর চোটের কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন পেসার তাসকিন আহমেদ।
দুজনেরই ফেরার অপেক্ষা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর দিয়ে। তাই দুজনেই অনুশীলনে ফিরেছেন কদিন ধরে। তবে আজ নেটে তামিম ইকবালকে বোলিং করছিলেন তাসকিন।
ইনডোরের বাইরে তাসকিনের বল মোকাবিলা করতে গিয়ে ব্যথা পান বাম হাতের তর্জনী আঙুলে। সঙ্গে সঙ্গেই নেট ছেড়ে বেরিয়ে পড়তে দেখা যায় তামিমকে। এরপর ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করেন তামিমের অবস্থা। নেট ছেড়ে ইনডোরে চলে যাওয়া তামিমের চোটের অবস্থা কতটা গুরুতর সেটি তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। আগামী ২০ জানুয়ারি সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফরচুন বরিশালের বিপিএল।








