স্পোর্টস রিপোর্টার : প্রথম বাংলাদেশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রান করার ইতিহাস গড়লেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬২ রান করে ৮ হাজার রানের মাইলফলকে পাঁ রাখেন তামিম।
বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে তামিমই প্রথম এ কৃতিত্ব গড়লেন। প্রথম ওয়ানডেতে খেলতে নামার আগে এ মাইলফলক স্পর্শ করতে ৫৭ রান দরকার ছিল তামিমের। তা থেকে আরও ৫ রান বেশি করে আউট হয়েছেন তামিম। ২২৯ ওয়ানডেতে এখন ১৪টি সেঞ্চুরি ও ৫৪টি হাফসেঞ্চুরিতে ৮০০৫ রান করেছেন তামিম।
তামিম এরআগে দেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ৭ হাজার রানও করেছেন। তামিমের ধারেকাছে এখন কেউ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তার রান ৬৭৫৫। এরপর মুশফিকুর রহিম করেছেন ৬৬৯৭ রান।
শুধু ওয়ানডেতে ৮ হাজার রানই নয়, সে সঙ্গে স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ২৫ হাজার রানও করেছেন তামিম। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। ১৫ বছরে তামিম এ কীর্তি গড়েন।








