স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিও আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে দলে নিতে চাইত না বলে মন্তব্য করেছেন সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ড্যানি মিলস। সম্প্রতি টকস্পোর্টসে এক আলোচনায় তিনি এই কথা জানিয়েছেন।
ড্যানি মিলস বলেন, ‘আমি মনে করি না প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিও তাকে দলে ভেড়াত। লিভারপুল? না। ম্যানচেস্টার সিটি? না। টটেনহ্যাম? না। আমার মনে হয় না তারা তাকে দলে চাইত।’
অবশ্য মেসিই যে সেরা, সেই কথাও বলেছেন মিলস। জানিয়েছেন, ‘আমি যা দেখেছি, তাতে মেসিই সেরা ফুটবলার। আমি জানি, ক্রিশ্চিয়ানো রোনালদোর সংখ্যাগত দিক থেকে এগিয়ে, সে বড় ম্যাচের খেলোয়াড়। তারপরও, যদি শুধু ফুটবলীয় প্রতিভা বিবেচনায় আনা হয়, তাহলে মেসিই সেরা ফুটবলার।’
মিলসের সঙ্গী গ্যাব্রিয়েল অ্যাবোনলাহর অবশ্য দ্বিমত পোষণ করেন। সাবেক অ্যাস্টন ভিলা ফুটবলার বলেন, ‘মেসির সেই মানটা এখনো আছে। সে অনায়াসেই সেই দলগুলোতে শুরুর একাদশে ঢুকে যেতে পারত।’
পিএসজিতে প্রথম মৌসুমটা একেবারেই ভালো কাটেনি আর্জেন্টাইন তারকা ফুটবলার মেসির। নিজে গোল পাননি। গোল করাতেও পারেননি। এরপর আবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল তার দল পিএসজি। এজন্যই এত কথা হচ্ছে। নতুন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের নতুন প্রকল্পে অবশ্য গুরুত্বপূর্ণ অংশই দখল করে রেখেছেন মেসি। এই মৌসুমটা মেসির জন্যও অনেক বেশি গুরুত্বপুর্ন। এই মৌসুমের মাঝেই অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ। মেসির ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপও হয়ে যেতে পারে। কখনো বিশ্বকাপ না জেতার আক্ষেপটা এবার ঘোচানোর জোর চেষ্টাটাই করবেন মেসি।








