মিথুন আশরাফ ॥ ‘সুপারসাব’ এখন ‘সুপারহিরো’। তিনি মিরাজুল ইসলাম। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে যার একমাত্র গোলেই শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দল । টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ যখন গোল পাচ্ছিল না, তখন দ্বিতীয়ার্ধে নেমে গোল করে দলকে জেতান মিরাজুল। আগামীকাল ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিতেও গোল করে দেশকে জেতাতে চান মিরাজুল।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানোর পর উচ্ছ্বসিত মিরাজুল। আনন্দে আত্মহারা। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। রুমে ফেরার পর সবাই মেসেজ দিয়েছে। সবাই খুশি হয়েছে। আমি বাংলাদেশের মানুষের হাসি মুখ দেখতে চেয়েছিলাম, সেটা পেরেছি। ভারতের সঙ্গে এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০১৯ সালে সবশেষ টুর্নামেন্টে শিরোপা জিতে তারা। ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত। সেই ম্যাচের পর, প্রায় তিনবছর পর আবার এই টুর্নামেন্টে দুই দল লড়াই করবে। মিরাজুল আশাবাদি। আরও বেশি খেলার সুযোগ পেলে আরও ভালো করার চেষ্টা করবেন বলে জানান। বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি। ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব।’
ভারতের সঙ্গে মাঠে নামার আগে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে মিরাজুল আরও বলেন, ‘দেশের মানুষের কাছে অবশ্যই কিছু বলার আছে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারি।’
মিরাজুলের গোলে শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ যুব ফুটবলারদের সাফ মিশন শুরু হয়েছে। প্রথমার্ধে কোন গোল পায়নি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গিয়ে ম্যাচের ৭০ মিনিট পর্যন্তও কোন গোল হয়নি। ৭১তম মিনিটে গিয়ে ম্যাচের ভাগ্য বদলে যায়। ভাগ্য বদলান মিরাজুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্কাস আলীর পরিবর্তে ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে খেলতে নামান কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব পাওয়া বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। শাহিন মিয়ার পাস থেকে দেখেশুনে ঠান্ডা মাথায় শট নেন মিরাজুল। শ্রীলঙ্কার গোলরক্ষক শেনবানুকা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল ঢোকে জালে (১-০)। শেষ পর্যন্ত মিরাজুলের দুর্দান্ত এক গোলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
সাফের এইবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দেশ। লিগ পদ্ধতিতে খেলার পর সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল খেলবে ফাইনাল। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল-এই পাঁচ দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলছে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার আগের আসরগুলো হয়েছে অনূর্ধ্ব-১৮ ও ১৯ বয়সীদের নিয়ে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) টুর্নামেন্টের সঙ্গে মানিয়ে নিতে এবার সাফের আসরটি হচ্ছে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে। ৫ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
বাফুফে এলিট একাডেমির ১২ জন এবং চ্যাম্পিয়নশিপ লিগ ও প্রিমিয়ার লিগ খেলাদের নিয়ে ২৩ জনের দল সাজিয়েছে বাংলাদেশ। এদের মধ্যে তানভির, শান্ত কুমার রায়, শাহিন আহমেদ, রাজন হাওলাদার, আক্কাস আলি ও পিয়াস আহমেদ নোভার আছে লিগে খেলার অভিজ্ঞতা। ঝালকাঠি থেকে উঠে আসা মিরাজুল বাফুফের ট্রেনিং অ্যাকাডেমি থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। সর্বশেষ চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফের এলিট একাডেমির হয়ে মাঠ মাতান বিকেএসপির এই ফুটবলার।
চ্যাম্পিয়নশিপের প্রথম লেগে এলিট একাডেমির হয়ে একটি হ্যাটট্রিকও করেন। ১০ গোলও করেছিলেন। মিরাজুলের খেলায় মুগ্ধ হয়ে দ্বিতীয় লেগের জন্য প্রিমিয়ার লিগে কিনে নেয় মোহামেডান। বাফুফের একাডেমি থেকে প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলারও হন মিরাজুল। এই টুর্নামেন্টের জন্য অবশ্য খেলোয়াড় ছাড়তে রাজি হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, বসুন্ধরা কিংস। ছাড়েওনি। বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াছিন আরাফাত, রিমন হোসেন, মোহামেডানের শেখ মোরসালিন, আশরাফুল হক, শেখ রাসেলের ডিফেন্ডার রোস্তম ইসলাম তাই টুর্নামেন্টে খেলতে পারছেন না। টুর্নামেন্টে বাংলাদেশ দলে আছেন বাফুফে এলিট একাডেমির সর্বোচ্চ ১২ ফুটবলার। স্বাভাবিকভাবেই এই ফুটবলারদের ওপরই আস্থা রাখতে হয়েছে কোচ পল স্মলির। ভারতে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে কমলাপুর স্টেডিয়ামে ফুটবলারদের সারাক্ষণ অনুশীলন করান পল স্মলি। প্রথম ম্যাচে প্রতিদান দেন মিরাজুল। বাংলাদেশকে জেতান।
এই প্রতিযোগিতা ২০১৫ সাল থেকে শুরু হয়। কখনোই সেরা হওয়ার স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১৯ সালে কাঠমন্ডুতে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল দল। ভারতের বিপক্ষে হেরেই রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। আগামীকাল সেই ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। ম্যাচটিতে গোল করে দলকে জেতাতে চান মিরাজুল।








