মিথুন আশরাফ – সাকিব বলে কথা। সুযোগ পেলে কাউকে ছাড় দেন না। অস্ট্রেলিয়াকেও ছাড় দেননি। ২০০৬ সাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি খেলে। কিন্তু কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ মিলেনি। অস্ট্রেলিয়া যে সেই সুযোগ কখনোই দেয়নি। আর তাই যখন অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মেলবোর্নে ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’তে সুযোগ পেলেন, রসিকতার ছলে অস্ট্রেলিয়াকে ‘খোঁচা’ দিতে ভুললেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব।
বলে ফেললেন, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। (দলের) আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব।’ সাথে যোগ করলেন, ‘হ্যাঁ (কখনো এখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি), আর আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছি ১৫ বছর ধরে।’ রসিকতার ছলে অস্ট্রেলিয়াকে ‘খোঁচা’ দিলেও অসিদের গাঁয়ে তা ভালো করেই লেগেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। আগামীকাল শ্রীলঙ্কা-নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে। এ বিশ্বকাপে মোট ১৬ দল খেলছে। প্রথম রাউন্ডে ৮ দলের লড়াই হবে। এরপর সুপার-১২ এ ১২ দলের লড়াই হবে। প্রথম রাউন্ড থেকে চার দল সুপার-১২ এ খেলার সুযোগ পাবে। সুপার-১২ এ বাংলাদেশ ছাড়াও আগেই খেলা নিশ্চিত করে রেখেছে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার-১২ পর্ব শুরু হবে ২২ অক্টোবর। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে সুপার-১২ পর্ব শুরু হবে। বাংলাদেশের মিশন শুরু হবে ২৪ অক্টোবর। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের সঙ্গে লড়াই করবে বাংলাদেশ।
টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের ফটো সেশন হয়। সেখানে প্রশ্ন উত্তর পর্বও থাকে। এ ফটোসেশনে অংশ নিতে আগেই নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় যান সাকিব। দল নিউজিল্যান্ড থাকে। কিন্তু সাকিব অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান। এখন অবশ্য পুরো দলই পৌঁছে গেছে ব্রিসবেনে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে শনিবার ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান সরাসরি দেখিয়েছে আইসিসির ফেসবুক পেইজে। দুই ভাগে আট-আট করে ১৬ জন অধিনায়ক এলেন ফটোসেশনে। প্রথমে দেখা গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আরব আমিরাতের অধিনায়কদের।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এলেন দ্বিতীয় ধাপে ভারত অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নি স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের সঙ্গে।
বাংলাদেশের পরিচিতি পর্বে সাকিবকে প্রশ্ন করেন সঞ্চালক, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে দলের কাছে কী চান? খেলার ধরনই বা কেমন হবে? মঞ্চে অধিনায়কদের কাতারে ডান কোনায় বসা সাকিব মুচকি হেসে অস্ট্রেলিয়াকে ‘খোঁচা’ দেন। সাকিবের এমন জবাবে হাসির শব্দও শোনা যায়।
বিগ ব্যাশের সুবাদে অস্ট্রেলিয়ায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলেছেন সাকিব। কিন্তু দেশের হয়ে এই সংস্করণে কখনোই অস্ট্রেলিয়ায় খেলা হয়নি। শুধু সাকিব কেন, আসলে অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কখনো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই সে হিসেবের খাতা খোলা হবে। সাকিবের অধিনায়কত্বে বাংলাদেশ দল সেখানে কেমন করবে, সেটাই এখন দেখার অপেক্ষা।
২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ খেলেছে বাংলাদেশ। ২০০৩ সালে পূর্ণাঙ্গ সফরে অস্ট্রেলিয়ায় গিয়েছিল টাইগাররা। সেই সফরে টেস্ট আর ওয়ানডে খেলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির অস্তিত্ব ছিল না তখন। ২০০৬ সালে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলে। এরপর থেকে ১৬ বছর হয়ে গেলেও অস্ট্রেলিয়ায় কখনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ মিলেনি বাংলাদেশের। এবার মিলছে। ভালো করার আশাও থাকছে।








