শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে বাংলাদেশের ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে নিজেদের বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশসহ একাধিক দেশের ওপর ৩৭ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করেছিল। পরে ৯ এপ্রিল তা সাময়িকভাবে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। সর্বশেষ আলোচনার পরিপ্রেক্ষিতে এখন তা আরও ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হলো। সিদ্ধান্তটি আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রতিনিধিদল তিনদিনব্যাপী বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR)-এর সঙ্গে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

শুল্ক আরোপ বিষয়ে প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “২০ শতাংশ শুল্ক আরোপ হলেও যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে না। আমরা এখনও প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছি। যদিও আমাদের প্রত্যাশা ছিল শুল্ক হার আরও কম হবে।”

নতুন শুল্ক আদেশে শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। ভারতের ওপর ২৫ শতাংশ, পাকিস্তান ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ব্রাজিলের ওপর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বাণিজ্য আলোচনা শেষ করে সমঝোতায় পৌঁছাতে দেশগুলোকে আহ্বান জানানো হয়েছিল। নির্ধারিত সময় শেষে এ নতুন শুল্ক কাঠামো কার্যকর করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ