পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে ভারতের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল। যুক্তরাষ্ট্রে গ্যাপ ও কোহল’সসহ বেশ কয়েকটি বড় ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী এই প্রতিষ্ঠান এখন উৎপাদন ভারতের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি জানান, মার্কিন ক্রেতাদের চাপের মুখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমরা প্রস্তাব দিয়েছি—ভারতে যেসব পোশাক উৎপাদন হতো, সেগুলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালার ১৭টি কারখানায় স্থানান্তর করব। এতে উচ্চ শুল্ক এড়ানো সম্ভব হবে।”
পল্লব ব্যানার্জি আরও জানান, “সব ক্রেতা আমাকে নিয়মিত ফোন দিচ্ছেন। তারা চান আমরা উৎপাদন দ্রুত ভারত থেকে অন্য দেশে সরিয়ে নিই।”
গত এপ্রিলে ট্রাম্প প্রথমবার পারস্পরিক শুল্ক আরোপ করেন। তখন বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনের তুলনায় ভারতের ওপর শুল্ক কম ছিল। এ সুযোগে ভারতীয় রপ্তানিকারকরা ভেবেছিলেন, তারা মার্কিন বাজারে বাংলাদেশ ও ভিয়েতনামের জায়গা দখল করতে পারবেন। কিন্তু মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।
পার্ল গ্লোবালের এক কর্মকর্তা জানান, কিছু মার্কিন ক্রেতা এখনো ভারতে উৎপাদিত পণ্য নিতে চায়, তবে শর্ত দিয়েছে—শুল্কের বোঝা সরবরাহকারী প্রতিষ্ঠানকেও ভাগ করে নিতে হবে। পল্লব ব্যানার্জি জানিয়েছেন, এই প্রস্তাব তাদের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ কোম্পানি কোনোভাবেই শুল্কের বাড়তি চাপ নিতে চায় না।
কে কোন ক্রেতা এই প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।








