রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে ইতিবাচক উন্নয়ন হিসেবে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, রিজার্ভ সঞ্চয় পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেন, “রিজার্ভ সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু বাংলাদেশ এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের মুখে আছে। এই সাফল্যকে আমরা স্বাগত জানাই।”
আরও পড়ুন:
গতকাল (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
হেলব্লিং জানান, ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে। “মিশনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা দেখা বাকি। মাঠপর্যায়ে কাজও শুরু করবে তারা,” বলেন তিনি।
তবে রিজার্ভ বৃদ্ধির এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটিও আইএমএফ যাচাই করবে বলে জানান হেলব্লিং।
আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলারে, যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।








