পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে তুলা দিয়ে তৈরি পোশাকের ওপর কিছুটা শুল্ক ছাড় পেতে যাচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩১ জুলাই ঘোষিত সর্বশেষ এক নির্বাহী আদেশে এই সুযোগের কথা বলা হয়েছে। তবে এ সুযোগ নিতে হলে পোশাক তৈরিতে ব্যবহৃত তুলার অন্তত ২০ শতাংশ আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে।
শনিবার (২ আগস্ট) বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “ট্রাম্পের নির্বাহী আদেশ বিশ্লেষণ করে আমরা বিষয়টি জানতে পেরেছি। এরপরই যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইউএস কাস্টমসের মাধ্যমে আদেশটি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। কারণ, এ সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু রপ্তানি সুবিধাই নয়, বরং উৎপাদন খরচও কিছুটা কমে আসবে। বর্তমানে ইউএস তুলার দামও তুলনামূলক কম।”
তিনি জানান, বাংলাদেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পোশাকের প্রায় ৭৫ শতাংশই তুলাভিত্তিক। নতুন আদেশ অনুযায়ী, যদি পোশাকে যুক্তরাষ্ট্রের তৈরি তুলা বা অন্য কোনো কাঁচামাল অন্তত ২০ শতাংশ ব্যবহৃত হয়, তাহলে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না। এতে করে রপ্তানিতে কিছুটা আর্থিক ছাড় পাওয়া সম্ভব হবে।
তবে বিজিএমইএ সভাপতি সতর্ক করে বলেন, “এটা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ, যুক্তরাষ্ট্রের ওই নির্বাহী আদেশে আরও উল্লেখ রয়েছে যে—কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা এখনো চলমান। এসব আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আরও বেশি শুল্ক ছাড়ের সুযোগ সৃষ্টি হতে পারে। তাই বাংলাদেশকেও আলোচনায় সক্রিয় থাকতে হবে।”








