নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে আনলো সরকার। আজ ১ জুলাই ২০২৫ থেকে নতুন হারে মুনাফা কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ৩০ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার হবে ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ। মুনাফার এই হারে ৭.৫০ লাখ টাকা বিনিয়োগকে সীমা ধরে দুটি স্তরে বিভাজন করা হয়েছে। সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগে মুনাফার হার তুলনামূলক বেশি, তবে এর বেশি হলে হার কমে যাবে। সরকার নিয়মিতভাবে আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করে।
এবারের বাজেটে (২০২৫–২৬) করমুক্ত আয়ের সীমা না বাড়ানো এবং তারই ধারাবাহিকতায় সঞ্চয়পত্রে মুনাফা কমিয়ে দেওয়ায় মধ্যবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ আরও বাড়বে বলে বিশ্লেষকদের অভিমত।
বিভিন্ন সঞ্চয়পত্রে মুনাফার নতুন হার:
পরিবার সঞ্চয়পত্র:
- ≤ ৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৫০%, এখন ১১.৯৩%
৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৩৭%, এখন ১১.৮০%
পেনশনার সঞ্চয়পত্র:
- ≤ ৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৫৫%, এখন ১১.৯৮%
৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৩৭%, এখন ১১.৮০%
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র:
- ≤ ৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৪০%, এখন ১১.৮৩%
৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৩৭%, এখন ১১.৮০%
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:
- ≤ ৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৩০%, এখন ১১.৮২%
৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.২৫%, এখন ১১.৭৭%
ডাকঘর সঞ্চয় ব্যাংক (মেয়াদি হিসাব):
- ≤ ৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.৩০%, এখন ১১.৮২%
৭.৫০ লাখ টাকা: পূর্বে ১২.২৫%, এখন ১১.৭৭%
অপরিবর্তিত যেসব সঞ্চয়পত্র:
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব—এই কয়টি স্কিমে মুনাফার হার অপরিবর্তিত থাকবে।
পূর্বে ইস্যুকৃত সঞ্চয়পত্রে প্রভাব নেই
১ জুলাই ২০২৫-এর আগেই যেসব সঞ্চয়পত্র ইস্যু হয়েছে, সেগুলোর মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত আগের মুনাফার হারই কার্যকর থাকবে। তবে পুনঃবিনিয়োগ করলে নতুন মুনাফার হার প্রযোজ্য হবে। ছয় মাস পর আবারও মুনাফার হার পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে।
এই পরিবর্তনের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগে আকর্ষণ কিছুটা কমে যেতে পারে, বিশেষত যাঁরা জীবনের সঞ্চিত অর্থ থেকে নির্ভরযোগ্য আয়ের জন্য এ খাতে বিনিয়োগ করতেন, তাঁদের জন্য এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।








