শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সঞ্চয়পত্র কিনবে সবাই, ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা

(ছবি: সংগৃহিত)

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হলে অধিকাংশ মানুষ ব্যাংকে টাকা না রেখে সঞ্চয়পত্র কিনবে, যা ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি করতে পারে। তাই এই বিষয়ে ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “সঞ্চয়পত্র বিক্রি করে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে। ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে?”

ব্যাংক খাতে দুর্বল ব্যাংকগুলো পুনর্বাসনের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক একটি উদাহরণ—এ ব্যাংকে জনগণের আস্থা ফিরে আসছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট তৈরি করা হয়েছে।”

তিনি আশ্বস্ত করে বলেন, “এই অ্যাক্টের প্রথম শর্ত হলো—যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা মার যাবে না। একটু সময় লাগতে পারে, কারণ অনেকেই টাকা নিয়ে চলে গেছে। পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি।”

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অস্থিরতা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এনবিআরের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলোচনা করে যা যা করা প্রয়োজন, তা করা হবে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।”

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে তিনি বলেন, “আমরা নিশ্চিত করছি যেন কোনো ব্যবসায়ীকে কাজের জন্য ১০–১২ জায়গায় যেতে না হয়। ব্যবসার অনুমোদনের জন্য যত ধরনের ছাড়পত্র লাগে, সেগুলো কেন্দ্রীয়করণের চেষ্টা চলছে।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ