পথে প্রান্তরে ডেস্ক
চলতি অক্টোবরের প্রথম সাতদিনে দেশে এসেছে ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ হাজার ৪৪২ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১০ কোটি ডলার। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি বছরের অক্টোবরের প্রথম সাতদিনে ৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬৮ কোটি ৩০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ৮২৭ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে (জুলাই–৭ অক্টোবর) ছিল ৭২২ কোটি ৫০ লাখ ডলার। ফলে রেমিট্যান্সে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলারের রেমিট্যান্স। এর আগে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার এবং আগস্টে এসেছে ২৪২ কোটি ১৯ লাখ ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছিল মার্চে ৩২৯ কোটি ডলার, যা ছিল পুরো বছরের মধ্যে সর্বোচ্চ। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল—
- জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
- আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
- সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
- অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
- নভেম্বর: ২২০ কোটি ডলার
- ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
- জানুয়ারি: ২১৯ কোটি ডলার
- ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
- মার্চ: ৩২৯ কোটি ডলার
- এপ্রিল: ২৭৫ কোটি ডলার
- মে: ২৯৭ কোটি ডলার
- জুন: ২৮২ কোটি ডলার








