অনলাইন ডেস্ক
গার্মেন্টস ও নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে তারা কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে এক বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফেরত আসা এসব প্রবাসীকে তাৎক্ষণিক সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যৌথভাবে কাজ করে।
বিমানবন্দরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে তাদের অর্থ ও জরুরি সহযোগিতা দেওয়া হয়। ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, বেশি বেতনের চাকরির লোভ দেখিয়ে এসব মানুষকে কিরগিজস্তানে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে অনেকেই কাজ পাননি, অনেকে বেতন না পেয়ে নথিপত্রহীন হয়ে পড়েন। এ সময় তারা নির্যাতন ও নানা হয়রানির শিকার হন। এমনকি কয়েকজনের পরিবার মুক্তিপণ দিতে বাধ্য হয়েছে।
ব্র্যাক জানায়, বিদেশফেরত কর্মীদের পাশে দাঁড়াতে তারা শাহজালাল বিমানবন্দরে দীর্ঘ আট বছর ধরে ‘মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার’-এর মাধ্যমে কাজ করছে। এ সময়ে সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় ৩৫ হাজারেরও বেশি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। শুধু চলতি বছরেই বিভিন্ন দেশ থেকে ফেরত আনা ৪০ জন প্রবাসীকে সহযোগিতা করা হয়েছে।








