,

৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ফের আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। ঢাকা থেকে বিমানে পৌঁছালেও দেশটিতে প্রবেশের অনুমতি মেলেনি তাদের। পরে সবাইকে ফেরত পাঠানো হয়েছে দেশে।

শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের টার্মিনাল–১ এ রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালায়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে ঢুকতে দেওয়া হয়নি।

একেপিএসের এক বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের একটি ফ্লাইটে পৌঁছান। সংস্থার ধারণা, দিনের বেলা কঠোর তদারকি এড়াতেই তারা ভোরে আসেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, পর্যটন ভিসায় প্রবেশের চেষ্টা করলেও তারা ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ ও বসবাসের পরিকল্পনা করেছিল।

জাতীয় নিরাপত্তা জোরদার ও সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় এই অভিযান চালানো হয়েছে বলে একেপিএস জানিয়েছে। সংস্থাটি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, এর আগে গত ১২ ও ১৩ আগস্ট একই কারণে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আরও ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ