শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল: সাদিক ভিপি, ফরহাদ জিএস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলে সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম জয়ী হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী, ১৮টি হলের মোট ভোটে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ১ হাজার ৮১৫ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।

অন্যদিকে, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান ৯ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪ হাজার ২৫৮ ভোট।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো “মিনি পার্লামেন্ট” খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচন কমিশনের হিসাবে এবার ভোটগ্রহণ হয়েছে মোট ভোটারের ৮০ শতাংশের বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ