শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাকসু নির্বাচন: রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি এক শিক্ষার্থীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করা এক ছাত্রীকে ফেসবুকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রশিবির।

সোমবার হাইকোর্ট ফরহাদের প্রার্থিতা নিয়ে দায়ের করা রিটের পর ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেন (২০২০–২১ শিক্ষাবর্ষ, সমাজবিজ্ঞান বিভাগ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী) ফেসবুকে লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’

পরে আলী হোসেন একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন এবং দাবি করেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তবে তার পুরোনো ফেসবুক পোস্টে জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিজেকে শিবির সমর্থক হিসেবে পরিচয় দেওয়ার প্রমাণ মিলেছে।

অন্যদিকে রিটকারী শিক্ষার্থী বি এম ফাহমিদা আলম তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী। তিনি অভিযোগ করেন, এস এম ফরহাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের (শিবির) সক্রিয় কর্মী ছিলেন। তার পদত্যাগের কোনো প্রমাণ না থাকায় প্রার্থিতা নিয়ে আদালতের শরণাপন্ন হতে হয়েছে।

সংবাদ সম্মেলনে ফাহমিদা বলেন, “এস এম ফরহাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আদালতই বিষয়টি নিষ্পত্তি করবে। তবে রিট করার পর থেকে বিভিন্ন বট অ্যাকাউন্ট থেকে বুলিংয়ের শিকার হচ্ছি।”

গণধর্ষণের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন বলেন, “আমরা সহনশীল ক্যাম্পাস চাই। অথচ রাজনৈতিক কারণে একজন ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এই শিক্ষার্থীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

একই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন জঘন্য কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না।”

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা ফেসবুকে লেখেন, “রিট করার কারণে কাউকে গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার কারও নেই। আলী হোসেনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তবে সেটা হতে হবে যথাযথ প্রক্রিয়ায়।”

এ ঘটনায় এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, “আলী হোসেন ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত নয়। যারা এই ঘটনাকে কেন্দ্র করে শিবির নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানান, আলী হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাবি শাখা ছাত্রশিবিরের প্রার্থিতা নিয়ে রিট আবেদনকারীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ও নাছির উদ্দিন এ কর্মসূচি পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ