ব্যুরো চিফ, বরিশাল
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা সমাবেশ করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে। এরই প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে বাকসু নির্বাচন দিতে হবে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়; এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম, মো. সাব্বির হোসেন সোহাগ, ছাত্র অধিকার পরিষদের শাকিল আহমেদ, ছাত্র শিবিরের নেতা মো. তারিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা হান্নান উদ্দিন শাকিলসহ অন্যরা।
বিক্ষোভ সমাবেশে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।








