চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শিক্ষার্থীদের দাবি, তাদের ওপর তিন দিক থেকে হামলা চালানো হয়েছে। এতে প্রক্টরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয়দের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা যায়। অপরদিকে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ফ্ল্যাটে প্রবেশ করতে গেলে তাকে মারধর করেন ভবনের দারোয়ান। তবে আশপাশের শিক্ষার্থীরা ছুটে এলে দারোয়ান পালিয়ে যান। তখন স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়।
এই ঘটনার জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর আবারও হামলা চালায় স্থানীয়রা। শনিবার দিবাগত রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ হামলা চলে। এসময় অনেক শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত করেছে।









