বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ৩ ঘণ্টার মধ্যে বিভিন্ন হলে গড়ে প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কিছু হলে ভোট পড়েছে এর চেয়েও বেশি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য জানান।
সিনেট ভবন কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায়ই ভোট পড়েছে আনুমানিক ১ হাজার ১০০। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৩ জন। রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। বুথ রয়েছে ৪০টি ও টেবিল ৭টি। সবাই চাইলে ভোট দিতে পারবেন।”
শারীরিক শিক্ষা কেন্দ্রেও ভোটগ্রহণে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তা কাজী মোশতাক গাউসুল হক জানান, জগন্নাথ হলে ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ, অর্থাৎ প্রায় এক হাজার শিক্ষার্থী। এখনও সেখানে ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। এ হলে মোট ভোটার ২ হাজার ২২৫।
সলিমুল্লাহ মুসলিম হলে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ, অর্থাৎ ২০০’র বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন। সার্জেন্ট জহুরুল হক হলে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ, যা সংখ্যায় ৮০০’র কাছাকাছি।

রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা জানান, “সকাল ১১টা পর্যন্ত রোকেয়া হলে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। ভোটার সংখ্যা ৫ হাজার ৬০০। এখনও ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ সারি রয়েছে।”
অন্যদিকে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ভোট পড়েছে আনুমানিক ৬০ শতাংশ। এ হলে মোট ভোটার সংখ্যা ৪৪৩ জন। তথ্যটি নিশ্চিত করেছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম।








